মন জানালা এপ সম্পর্কে
মন জানালা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের শরীর ও মন একে অপরের সাথে সম্পর্কিত। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষ প্রয়োজন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সহায়তা এখনও সারা দেশব্যাপী সুলভ নয়। মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের জ্ঞানও সীমিত। ভুল ধারণা এবং নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি ও পরিবার প্রায়শই বাংলাদেশে যেটুকু মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যায় তাও গ্রহণ করতে পারেন না। ২০১৮-২০১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরীপ অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ বিভিন্ন মানসিক রোগে ভুগছেন বলে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৯১ শতাংশ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত।
এমতাবস্থায়, বাংলাদেশের জনগণের জন্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও মনোসামাজিক সহায়তা প্রদানের লক্ষ্যে, ইউএনডিপি বাংলাদেশ এর ‘Psychosocial support for resilient community building’ প্রকল্পের আওতায় ও আর্থিক সহায়তায় ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে।
এই অ্যাপটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে এই ইমেইল এ যোগাযোগ করুনঃ Info@iwellbeing.org
মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও জানতে www.iwellbeing.org ওয়েবসাইটটি ঘুরে আসুন।
বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি ‘মন জানালা’ মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নানাবিধ তথ্য যেমন মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা সহ বিভিন্ন মানসিক সমস্যা সম্পর্কে খুব সহজে জানতে পারবেন। এই অ্যাপে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা বুঝতে সহায়তা করার জন্য স্ব-মুল্যায়ন বা সেলফ এসেসমেন্ট টুল রয়েছে। এটি ব্যবহার করে আপনার বিষণ্ণতা বা উদ্বিগ্নতা কোন মাত্রায় আছে তা আপনি সহজে ও বিনামূল্যে বুঝতে পারবেন। কীভাবে নিজের মানসিক অবস্থার যত্ন নিজে নেওয়া যায় বা কীভাবে আপনি আপনার কাছের মানুষদের যত্ন নিতে পারেন সে সম্পর্কে বিভিন্ন কৌশল এই অ্যাপটিতে দেয়া আছে। এছাড়া কখন ও কোথা থেকে মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারবেন সে সম্পর্কেও নির্দেশনা দেয়া আছে।
মন জানালা মোবাইল অ্যাপলিকেশনটিতে লিখিত আকারে তথ্যের পাশাপাশি, ভিডিও এবং অডিও-এর মাধ্যমেও আপনি মনোসামাজিক সহায়তা পেতে পারেন।